
পরিবার নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণে বের হয়ে আর পৌঁছানো হলো না এমদাদুল ইসলামের (৪৫)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল ইসলাম নরসিংদীর পলাশ উপজেলার জয়নগর গ্রামের আহমেদ আলীর ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নরসিংদী থেকে এমদাদুল ইসলাম ও তাঁর ভাইয়ের পরিবার একটি মাইক্রোবাসযোগে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। গভীর রাতে মাইক্রোবাসটি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং সামনের সিটে বসে থাকা এমদাদুল দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতরে আটকা পড়েন।
সংবাদ পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে তাঁকে উদ্ধার করেন। তবে তার আগেই ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, নরসিংদী থেকে পরিবার নিয়ে কক্সবাজার যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে আটকা পড়ে ঘটনাস্থলেই এমদাদুল ইসলাম মারা যান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com