প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৬:৫৩ পি.এম
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে শিশুসহ ৬ যাত্রী নিহত, আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে পণ্যবাহী লরি ধাক্কা দিলে শিশু ও নারীসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ৭ জন যাত্রী।
গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশু ইব্রাহিম (৬), শিশু রাকিব (৮), ফাতেমা আক্তার (৪০), আবুল হোসেন (৫০), আফসা (২৫) ও স্বপ্না (৩০) রয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি নেত্রকোনা এলাকায় বলে জানা গেছে।
বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি মহাসড়কের কুমিরা রয়েল গেট এলাকা অতিক্রম করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি পণ্যবাহী লরি বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন যাত্রী মারা যান।
ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় ১০ জন যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন শিশু, ৩ জন নারী ও ১ জন পুরুষ রয়েছেন। মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস ও লরিটি সরিয়ে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com