মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাগর তীরে স্থানীয় জনসমক্ষে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, মীরসরাই উপজেলা মৎস্য দপ্তর, সন্দ্বীপ উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি উপজেলার কুমিরা মাছ ঘাট থেকে শুরু হয়ে গুলিয়াখালী, মীরসরাইয়ের ডোমখালী, সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট এবং এর আশেপাশের উপকূলীয় এলাকায় পরিচালিত হয়। এই দীর্ঘ উপকূলীয় অভিযান চালিয়ে আনুমানিক ৫ হাজার মিটার দৈর্ঘ্যের মোট ৫টি ইলিশ ধরার জাল জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোজিনা পারভীন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মো: এরশাদ শেখ, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মোতাছিম বিল্লাহ্, রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম এবং জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মো: মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
অভিযান শেষে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মদ রোজিনা পারভীন জানান, মা ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ২২ দিনের জন্য ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে যেসব অসাধু জেলে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com