
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নুনাছড়া এলাকার ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার সীতাকুণ্ড পৌরসদরের নুনাছড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায় এবং একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে–মুচড়ে যায়। এই দুর্ঘটনায় ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে চালক সাহাবুদ্দীন এবং নুরুল ইসলামের ছেলে যাত্রী শওকত আজম গুরুতর আহত হন; তবে যাত্রী শওকত আজমের নির্দিষ্ট গ্রামের ঠিকানা পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ও আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের দুজনকেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার জানান, গাড়িচালক ও যাত্রীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার এসআই মো. জিয়া উদ্দিন দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি হেফাজতে নেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com