
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন ডিলার নিয়োগ কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন ডিলার নিয়োগের প্রাথমিক ও যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তালিকা চূড়ান্ত হওয়ার পরও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়ায় চরম উদ্বেগ ও অপেক্ষায় দিন পার করছেন আবেদনকারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চূড়ান্ত স্বাক্ষর না হওয়ায় তালিকা প্রকাশ ও নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক আবেদনকারী।
আবেদনকারীদের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নতুন ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করা হলেও অজ্ঞাত কারণে তা প্রকাশ করা হচ্ছে না। দীর্ঘ সময় ধরে ফাইল আটকে থাকায় আবেদনকারীদের মধ্যে নানা সন্দেহ ও প্রশ্নের জন্ম দিয়েছে। অন্যদিকে, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত সাবেক ডিলারদের প্রভাব ও দৌরাত্ম্য এখনো পুরোপুরি অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে নতুন করে আবেদন করা যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী আবেদনকারীদের দাবি, কোনো ধরনের অদৃশ্য চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে দ্রুত তদন্ত ও যাচাই-বাছাই শেষ করতে হবে এবং পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। একই সঙ্গে বিগত সময়ে সাবেক ডিলারদের বিরুদ্ধে ওঠা পণ্য বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রভাব বিস্তারের অভিযোগগুলোও সুষ্ঠু তদন্তের আওতায় এনে দ্রুত নতুন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন তারা। এতে করে উপজেলার নিম্নআয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছানো আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, টিসিবির নতুন ডিলার নিয়োগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেই বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com