
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় চার ইউনিয়নে জোয়ারের অব্যাহত আঘাতে একের পর এক স্থানে ভেঙে পড়ছে উপকূল রক্ষা বেড়িবাঁধ। কোথাও ব্লক সরে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও ধসে পড়েছে বাঁধের বিশাল অংশ, আবার কোথাও পুরোনো স্লুইসগেটও রয়েছে ধসের মুখে। দীর্ঘদিন ধরে এসব ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না হওয়ায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন উপকূলের লাখো মানুষ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন অমাবস্যা-পূর্ণিমার জোয়ার কিংবা বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা।
উপজেলার সৈয়দপুর, বাঁশবাড়িয়া, কুমিরা ও সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন উপকূলীয় এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রবল জোয়ারের আঘাতে বেড়িবাঁধের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ১০টি স্থানে ব্লক সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে পশ্চিম সৈয়দপুরের ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ৮০ বছরের পুরোনো একটি স্লুইসগেট ধসের মুখে রয়েছে। ছয়টি নালাবিশিষ্ট স্লুইসগেটটির দুটি নালা ইতোমধ্যে পুরোপুরি ভেঙে গেছে এবং আরেকটি নালাও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এছাড়া প্রবল জোয়ারের স্রোতে স্লুইসগেটসংলগ্ন উপকূল রক্ষা বেড়িবাঁধের প্রায় ৪০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের একটি অংশ ধসে পড়েছে।
বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সমুদ্রসৈকতের প্রবেশমুখেও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সেখানে ব্লক সরে গিয়ে বেড়িবাঁধের বড় একটি অংশ বিলীন হয়ে গেছে এবং সিকদার খালের স্লুইসগেট ও সংলগ্ন বেড়িবাঁধও ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গত বছর ঘূর্ণিঝড়ে আকিলপুর সৈকতের বেড়িবাঁধের বেশকিছু ব্লক ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় দুই মাস আগে সংস্কারের নামে কিছু বালু ফেলে তার ওপর ব্লক বসানো হয়েছিল। কিন্তু নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের ব্যবধানেই আবারও ব্লক সরে গিয়ে বাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, কুমিরা ইউনিয়নের আলেকদিয়া এলাকায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কাঁচা বেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বেআইনিভাবে বালু তোলায় উপকূলের মাটি ও বাঁধের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে, যার ফলে জোয়ারের ঢেউয়ের আঘাতে খুব সহজেই বাঁধ ভেঙে পড়ছে। জোয়ারের পানি বাড়লে এই ভাঙা অংশ দিয়ে লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা (পাক্কা মসজিদ) এলাকায় সবচেয়ে ভয়াবহ ভাঙনের চিত্র দেখা গেছে। এছাড়া জোড়ামতল ও বাংলাবাজার এলাকাতেও বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভেঙে বিলীন হচ্ছে। বিশেষ করে ঘোড়ামরা উপকূলে কয়েক দফা জোয়ারের আঘাতে ২০০ মিটারের বেশি বাঁধ ভেঙে গেছে এবং আরও প্রায় ১০০ মিটার বাঁধ চরম ঝুঁকিতে রয়েছে। এতে সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছে দুটি জেলে পল্লি ও স্থানীয় একটি মসজিদ। স্থানীয় বাসিন্দা মো. ইফতেখার আহমেদ জুয়েল জানান, মাত্র এক বছর আগে এই বেড়িবাঁধ নির্মাণ করা হলেও বর্তমানে এর অবস্থা অত্যন্ত নাজুক। জরুরি ভিত্তিতে সংস্কার না হলে আসন্ন বর্ষা মৌসুমেই পুরো বাঁধ বিলীন হয়ে লোকালয় জোয়ারের পানিতে তলিয়ে যেতে পারে।
উপকূলবাসীর অভিযোগ, বছরের পর বছর ভাঙন ও ঝুঁকির মধ্যে বসবাস করলেও কার্যকর সংস্কারের অভাবে তাদের নিরাপত্তা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্প অনুমোদনের অপেক্ষায় না থেকে জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি স্থায়ী সংস্কারকাজ শুরু করার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় জোয়ারের পানির তোড়ে বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ ও জেলে পল্লি বিলীন হওয়ার পাশাপাশি কয়েক হাজার মানুষের জীবন-জীবিকা ভয়াবহ হুমকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সীতাকুণ্ডের উপসহকারী প্রকৌশলী তরিক চাকমা বলেন, সোনাইছড়িসহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙেছে। এক বছর আগেও জিও ব্যাগের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে বাঁধের দুই পাশে ইয়ার্ড থাকায় পানির চাপ বেশি হওয়ার কারণে এটি ভেঙে যেতে পারে। পুনর্নির্মাণ ও বেড়িবাঁধ সংস্কারের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং প্রকল্পটি অনুমোদন পেলে নতুন করে কাজ শুরু করা হবে। তবে বর্ষা মৌসুমে বেড়িবাঁধ টিকিয়ে রাখাও তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, এ লক্ষ্যে জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com