
চট্টগ্রামের সীতাকুণ্ডে রহস্যজনক পরিস্থিতিতে মোহাম্মদ সাইমন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভাইয়েরখীল এলাকার মোহাম্মদ লোকমানের ছেলে সাইমনের মরদেহটি শনিবার সকালে বন্ধ থাকা ‘চিটাগাং কেমিক্যাল ইন্ডাস্ট্রি’র ভেতর থেকে উদ্ধার করা হয়। একই উপজেলায় টানা তিন দিনে পরপর তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ও নিহতের পরিবারের মধ্যে তীব্র বৈপরীত্য দেখা গেছে। সীতাকুণ্ড মডেল থানার পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বন্ধ কারখানাটিতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাইমন মারা গেছেন। ঘটনাস্থলে তাঁর দেহের ওপর ছেঁড়া বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও বিস্তারিত তদন্তের পরেই এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।
তবে সাইমনের পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী শাহেদা আক্তারের অভিযোগ, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে সাইমনের বন্ধু মোস্তফার ফোন থেকে একটি কল আসে। তিনি বারণ করা সত্ত্বেও সিগারেট খাওয়ার অজুহাতে ঘর থেকে বের হয়ে যান সাইমন। বের হওয়ার পর মোস্তফার নম্বর থেকেই ফোন করে সাইমন স্ত্রীকে জানান, তিনি না আসা পর্যন্ত ওই নম্বর থেকেই যোগাযোগ করবেন। কিন্তু এরপর একাধিকবার কল দেওয়া হলেও কেউ রিসিভ করেনি এবং একপর্যায়ে মোবাইল নম্বরটি ব্লক করে দেওয়া হয়। পরিবারের প্রশ্ন, যদি এটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাই হয়, তবে মরদেহ বৈদ্যুতিক খুঁটি ও প্রধান উৎস থেকে অত দূরে কীভাবে গেল। ভালোবেসে বিয়ের মাত্র এক বছরের মাথায় স্বামীকে হারিয়ে এখন বিচারে আকুতি জানাচ্ছেন নিহতের স্ত্রী।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com