
চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক উন্নয়ন সংস্থা 'ইপসা' (YPSA)-এর উদ্যোগে ৩ দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ইপসা এইচআরডিসি সীতাকুণ্ড মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মশালার উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফখরুল ইসলাম।
'জাগরণ' (JAAGORON) প্রকল্পের নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর অধীনে এবং 'GFA Consulting Group GmbH (GFA)'-এর অর্থায়নে ইপসা এই প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন, “ইপসা জাগরণ প্রকল্প একটি ব্যতিক্রমধর্মী ও কার্যকরী উদ্যোগ। এখানে তরুণ-তরুণীরা নেতৃত্ব, নাগরিক সেবা ও সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ লাভ করবে। এই অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে পারবে। যুবসমাজই পারে সমাজের সার্বিক দায়িত্ব নিতে; বিশেষ করে মাদক নির্মূলে তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
জাগরণ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহছেনা মিনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপসার এরিয়া ম্যানেজার মো: তোফায়েল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: তাজাম্মল হোসেন, ইপসার ট্রেনিং অফিসার মো: শাহ সুলতান শামীম এবং রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সঞ্চয় চৌধুরী। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জেসমিন আক্তার।
প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রশিক্ষণে সৈয়দপুর ইউথ গ্রুপের ১৫ জন নারী ও পুরুষ প্রতিনিধি অংশ নিচ্ছেন। জাগরণ প্রকল্পের আওতায় সীতাকুণ্ড উপজেলার নির্ধারিত এলাকায় ১০টি ইউথ গ্রুপ গঠন করা হয়েছে। এসব গ্রুপের মাধ্যমে সরাসরি ১৫০ জন যুবকে প্রশিক্ষণ প্রদান করা হবে, যারা পরবর্তীতে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে আরও ৩০০ জন যুব প্রতিনিধিকে এই প্রক্রিয়ায় যুক্ত করবে।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে তরুণদের সচেতনতা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক উন্নয়নে ক্ষমতায়িত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সীতাকুণ্ডের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং মিরসরাই উপজেলাতেও একযোগে ইপসা জাগরণ প্রকল্পের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com