
চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশায় স্কুলছাত্রী ও গৃহবধূ ছিনতাইয়ের শিকার হওয়ার এক সপ্তাহ পার না হতেই এবার এক স্কুল শিক্ষিকাকে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়েছে ছিনতাইকারীরা। গত বুধবার উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা শিক্ষিকার চোখে মলম লাগিয়ে তাঁর মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় শিক্ষিকার পরিবার সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ছিনতাইয়ের শিকার হওয়া ওই শিক্ষিকার নাম কনিকা চৌধুরী, যিনি উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক হিসেবে কর্মরত আছেন। শিক্ষিকার স্বামী বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বিজয় দেব জানান, গত বুধবার কনিকা চৌধুরী বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে ডিউটি শেষ করে বাড়বকুণ্ডে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে সড়কে এসে একটি সিএনজি ট্যাক্সিতে ওঠেন। এরপর ট্যাক্সিতে আগে থেকেই যাত্রীবেশে থাকা দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে তাঁর সঙ্গে থাকা মোবাইল, স্বর্ণের আংটি ও কিছু টাকা কেড়ে নেয়।
পরবর্তীতে ছিনতাইকারীরা তাঁর চোখে মলম লাগিয়ে বাড়বকুণ্ড আসার আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় তাঁকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর শিক্ষিকার স্বামী বিজয় দেব বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com