
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমি দখল ও পাহাড় কেটে প্লট বিক্রির ঘটনায় বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরের ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৫টি জমির বিক্রয় দলিল একদিনেই অস্বাভাবিক দ্রুততায় রেজিস্ট্রি করে দেওয়ার গুরুতর অভিযোগে সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সীতাকুণ্ডের সাবেক ও বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত রায়হান হাবীবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বরখাস্তকালীন সময়ে তিনি আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং সরকারি বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন।
সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, জঙ্গল সলিমপুর মৌজার বিভিন্ন দাগের মোট ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন মো. ইয়াসিন। গত ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে মোট ৭৪টি দলিলের মাধ্যমে এই বিপুল পরিমাণ জমির হস্তান্তর ও রেজিস্ট্রি কার্যক্রম সম্পন্ন হয়। বিস্ময়করভাবে, এর মধ্যে কেবল ১৭ সেপ্টেম্বর একদিনেই ইয়াসিনের ৬৫টি বিক্রয় দলিল নজিরবিহীন দ্রুততায় রেজিস্ট্রি করে দিয়েছিলেন তৎকালীন সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব।
সীতাকুণ্ড ভূমি অফিসের তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের বিএস ২০১, ২০৩, ২১২, ২৬২, ২৭৮, ৩৫০, ৩৫১, ৩৫২ ও ৩৫৫ দাগের শত শত একর জমিসহ ছুট ও ১৯ নম্বর খতিয়ানের শ্রেণি পাহাড়, ছড়া ও নাল হিসেবে নথিভুক্ত রয়েছে। কিন্তু বাস্তবে সেখানে ৪০টিরও বেশি বিশাল পাহাড় নির্বিচারে কেটে অবৈধভাবে প্রায় ২০ হাজার প্লট তৈরি করে বিক্রি করা হয়েছে।
গত ২৮ অক্টোবর এই নজিরবিহীন দলিল জালিয়াতি ও অনিয়মের বিষয়টি প্রকাশ্যে এলে প্রশাসনের উচ্চপর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়। সে সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অভিযুক্ত সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে অভিযোগ জানান। জেলা প্রশাসকের সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে রায়হান হাবীবের বদলির আদেশ সাত দিনের জন্য স্থগিত করা হয়েছিল এবং পরবর্তীতে বিভাগীয় মামলা দায়েরপূর্বক তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com