
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জোহর সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা লোকমান কাদেরীর সভাপতিত্বে ও সেক্রেটারি এস এম আশরাফ উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন সিকদার। সম্মেলনে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা পবিত্র কোরআনের সুরা আল-হজ্জের ৪১ নম্বর আয়াতের আলোকে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সালাত কায়েম, যাকাত আদায় এবং সৎকাজের নির্দেশ প্রদান ও অসৎকাজের প্রতিরোধের মাধ্যমে একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়ার ওপর জোর দেন।
সম্মেলন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বাঁশবাড়ীয়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী, চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদের নাম প্রকাশ করা হয়েছে। এছাড়া ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সাধারণ সদস্য প্রার্থীদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াছ কাঞ্চন, ২ নম্বর ওয়ার্ডে ইঞ্জিনিয়ার আদনান মোহাম্মদ আব্দুল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডে মাওলানা মোহাম্মদ শাহাব উদ্দীন, ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ মুহিবুল হাসান, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নজরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ কামাল উদ্দীন, ৮ নম্বর ওয়ার্ডে হাফেজ মোহাম্মদ ইউনুছ এবং ৯ নম্বর ওয়ার্ডে মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীনের নাম ঘোষণা করা হয়। তবে ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে। সংরক্ষিত নারী সদস্য পদে কেবল ৯ নম্বর ওয়ার্ড থেকে শামছুন নাহারের নাম প্রকাশ করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার এবং উপজেলা সেক্রেটারি কুতুবউদ্দীন শিবলী। বক্তারা নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সাথে প্রজনন মৌসুমে দেশের জাতীয় সম্পদ ‘মা ইলিশ’ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও সামুদ্রিক সম্পদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করার তাগিদ দেওয়া হয়। “ঐক্যবদ্ধ বাঁশবাড়ীয়া, স্বপ্নের বাঁশবাড়ীয়া গড়ার দীপ্ত শপথ—আমাদের যাত্রা অবিরাম” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক দায়িত্বশীল ও কর্মীবৃন্দ অংশ নেন।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com