
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার প্লট রক্ষা করে যোগাযোগব্যবস্থার উন্নয়নে একটি ১২০০ মিটার দীর্ঘ বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে। আবাসিক এলাকা কল্যাণ সমিতির নিজস্ব অর্থায়নে খালপাড় ঘেঁষে ২০ মিটার প্রশস্ত এই সড়কটি তৈরি করা হয়। গত শনিবার বিকেলে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সড়কটি উদ্বোধন করেন।
জঙ্গল সলিমপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা আনতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চারটি প্রধান সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়কের কাজ চলছে। তবে সেনাবাহিনীর প্রস্তাবিত এই সড়কের গতিপথে আবাসিক এলাকার বেশ কিছু প্লট পড়ে যাওয়ায় প্লট মালিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
প্লট মালিকদের দাবি, প্রস্তাবিত এলাইনমেন্টে সড়ক নির্মিত হলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় আবাসিক এলাকার ভেতর দিয়ে সড়ক না নিয়ে খালপাড় ঘেঁষে তাদের নিজ অর্থায়নে নির্মিত বিকল্প সড়কটির সাথে সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কটির এলাইনমেন্ট সমন্বয় করার জোরালো দাবি জানান সমিতির নেতারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, তিনি বিষয়টি আগেই পরিদর্শন করেছেন এবং কোর মিটিংয়েও বিকল্প সড়কের প্রস্তাব তুলে ধরেছেন। এ সময় তিনি প্লট মালিকদের অবিলম্বে সেখানে আবাসন নির্মাণের কাজ শুরু করার আহ্বান জানান। পাশাপাশি এই এলাকার সুপেয় পানি, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ খাতের বিদ্যমান সংকট নিরসনে কাজ চলছে বলেও তিনি জানান।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com