
দেশে নতুন আরেকটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন সামনে আসার পর চিকিৎসাশিক্ষার ভবিষ্যৎ নিয়ে একটি মৌলিক প্রশ্ন আবারও জোরালো হয়েছে—আমাদের অগ্রাধিকার কি মেডিকেল কলেজের সংখ্যা বাড়ানো, নাকি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও সক্ষমতা নিশ্চিত করা? গত দুই দশকে সরকারি ও বেসরকারি উভয় খাতেই মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে এবং চিকিৎসক তৈরিতে বেসরকারি খাতও বড় ভূমিকা রাখছে। তবে এই বিস্তারের সঙ্গে পাঠদান, ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক মান কতটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে, তা নিয়ে গুরুতর পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে।
পরিসংখ্যানগুলো বাস্তবতার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে। প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৭৩টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে অন্তত ৫১টি—অর্থাৎ প্রায় ৭০ শতাংশ—সরকার নির্ধারিত ন্যূনতম শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে সরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ৪৭ শতাংশ শিক্ষক পদ শূন্য রয়েছে। ২০২৬ সালের মে মাসে প্রকাশিত একটি প্রতিবেদনেও উঠে এসেছে যে, প্রতিষ্ঠার কয়েক বছর পরও সাতটি সরকারি মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতাল ছিল না। এসব তথ্য নিছক প্রশাসনিক ঘাটতির হিসাব নয়; বরং চিকিৎসাশিক্ষার গুণগত মান ও ভবিষ্যৎ জনস্বাস্থ্য নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা।
একটি মেডিকেল কলেজকে কেবল ভবন, শ্রেণিকক্ষ বা শিক্ষার্থীর সংখ্যায় সীমাবদ্ধ করে দেখা যায় না। মানসম্মত চিকিৎসক গড়তে হলে পর্যাপ্ত যোগ্য ও নিবেদিত শিক্ষক, কার্যকর শিক্ষণ হাসপাতাল, পর্যাপ্ত রোগীর উপস্থিতি, আধুনিক ল্যাবরেটরি, বাস্তবমুখী ক্লিনিক্যাল হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ এবং নিয়মিত মাননিয়ন্ত্রণ অপরিহার্য। চিকিৎসাশিক্ষা অন্য যেকোনো সাধারণ উচ্চশিক্ষার চেয়ে আলাদা, কারণ এখানে প্রশিক্ষণের ঘাটতির সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবন ও নিরাপত্তার ওপর। দীর্ঘদিনের শিক্ষকতা অভিজ্ঞতায় এটি স্পষ্ট যে, দক্ষ শিক্ষক ও পর্যাপ্ত ক্লিনিক্যাল অভিজ্ঞতা ছাড়া কেবল প্রতিষ্ঠানের সংখ্যা বাড়িয়ে দক্ষ চিকিৎসক তৈরি করা সম্ভব নয়।
বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট আইন ও নীতিমালা থাকলেও সেগুলোর কার্যকর প্রয়োগ ও তদারকিতে ঘাটতি রয়েছে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, হাসপাতালের শয্যা, রোগীর সংখ্যা, ল্যাবরেটরি এবং অন্যান্য সুযোগ-সুবিধার ন্যূনতম শর্ত পূরণ না করলে কঠোর ব্যবস্থা না নেওয়ায় নীতিমালার কার্যকারিতা দুর্বল হয়ে পড়ে। চিকিৎসাশিক্ষাকে বাণিজ্যিক স্বার্থ বা অন্য কোনো চাপের ঊর্ধ্বে রাখা জরুরি। বিশ্বজুড়ে চিকিৎসাশিক্ষার মানোন্নয়নে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) মানদণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার মূল কথা হলো—কেবল অবকাঠামো নয়, শিক্ষার প্রক্রিয়া, অর্জিত দক্ষতা, নিয়মিত মূল্যায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত স্বীকৃতির ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের নানা প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এ ক্ষেত্রে মেডিকেল কলেজগুলোর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃতি বা অ্যাক্রেডিটেশন অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশি চিকিৎসকদের মেধার কোনো ঘাটতি নেই; প্রয়োজন এমন একটি শিক্ষাব্যবস্থা ও মাননিয়ন্ত্রণ কাঠামো, যা তাঁদের যোগ্যতা ও ডিগ্রিকে বৈশ্বিক পরিসরে যথাযথ স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা দেবে।
শিক্ষকসংকট ও সীমিত সম্পদের বাস্তবতায় চিকিৎসাশিক্ষায় নতুন ও আধুনিক চিন্তাভাবনা যুক্ত করার সময় এসেছে। একই অঞ্চলের একাধিক মেডিকেল কলেজকে একাডেমিক ক্লাস্টারের আওতায় এনে শিক্ষক, হাসপাতাল ও প্রশিক্ষণ সুবিধা যৌথভাবে ব্যবহার করা যেতে পারে। অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে সেন্ট্রাল ডিজিটাল টিচিং প্ল্যাটফর্ম গড়ে তুললে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বিত পাঠদান, ক্লিনিক্যাল কেস আলোচনা, গ্র্যান্ড রাউন্ড ও জার্নাল ক্লাব পরিচালনা সহজ হবে। পাশাপাশি অঞ্চলভিত্তিক সিম্যুলেশন ও ক্লিনিক্যাল স্কিলস সেন্টার এবং বিভিন্ন হাসপাতালে ক্লিনিক্যাল রোটেশন চালু করলে হাতে-কলমে শেখার সুযোগ বাড়বে—যদিও ডিজিটাল মাধ্যম কখনোই বাস্তব রোগীর পাশে থেকে শেখার বিকল্প হতে পারে না, বরং এটি হবে একটি কার্যকর পরিপূরক ব্যবস্থা।
এই সংকট কাটিয়ে উঠতে এখনই সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া জরুরি। বিদ্যমান মেডিকেল কলেজগুলোর সক্ষমতা নিরপেক্ষভাবে যাচাই না করে নতুন কলেজ অনুমোদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনে নতুন অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখা উচিত। যেসব প্রতিষ্ঠান ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ, তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে ঘাটতি পূরণের নির্দেশ দিতে হবে; ব্যর্থ হলে ধাপে ধাপে শিক্ষার্থী ভর্তি স্থগিত এবং অনুমোদন বাতিলের মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সরকারি মেডিকেল কলেজে শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদায়নের জট কাটিয়ে শূন্য পদ পূরণে অগ্রাধিকার দিতে হবে এবং প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষক, শয্যা, রোগী, প্রশিক্ষণ সুবিধা ও অ্যাক্রেডিটেশনের তথ্য নিয়মিত প্রকাশ করা দরকার।
সবচেয়ে বড় কথা, মেডিকেল কলেজের মান বিচারে শুধু অবকাঠামো বা পরীক্ষার ফলাফল নয়—স্নাতকদের প্রকৃত ক্লিনিক্যাল দক্ষতা, পেশাগত নৈতিকতা, রোগীর নিরাপত্তা এবং চিকিৎসাসেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নতুন মেডিকেল কলেজ প্রয়োজন হলে তা হতে হবে চাহিদাভিত্তিক, পরিকল্পিত ও পর্যাপ্ত সক্ষমতার ভিত্তিতে। সংখ্যার দৌড় নয়, বরং মানের নিশ্চয়তাই হোক দেশের চিকিৎসাশিক্ষা ও ভবিষ্যৎ স্বাস্থ্যনিরাপত্তার মূল অঙ্গীকার।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com