
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রায় দুই শতাধিক সর্বস্তরের মানুষ অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও চেতনা তুলে ধরে সামাজিক সম্প্রীতি এবং ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, সব ধরনের বৈষম্য, মতপার্থক্য ও গোষ্ঠীগত বিভাজন ভুলে দেশের স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মীরসরাইয়ের সাধারণ মানুষকে একই পরিবারের সদস্য উল্লেখ করে বক্তারা আরও বলেন, অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতা বা বিদ্বেষ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখেই এলাকার দীর্ঘমেয়াদী উন্নয়ন সুনিশ্চিত করা সম্ভব।
সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো আয়োজনের সমাপ্তি ঘটে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com