
চট্টগ্রামের মীরসরাইয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে এক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। পূবালী ব্যাংক পিএলসির জোরারগঞ্জ উপশাখা এই অনুষ্ঠানের আয়োজক ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তরাঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হোসাইন মাহমুদ, করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমেদ উল্লাহ এবং জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক ও অনুষ্ঠানের সভাপতি আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ছোটবেলা থেকেই সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার ভিত্তি স্থাপন করে। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা কেবল টাকা জমাতেই শিখবে না, বরং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হয়ে ভবিষ্যৎ জীবনের সঠিক আর্থিক পরিকল্পনা করতে পারবে।" আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীরা কীভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে এবং এর মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত ধারণা দেন। বাংলাদেশে বর্তমানে প্রচলিত স্কুল ব্যাংকিং ব্যবস্থার আওতায় ৬ থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ন্যূনতম ১০০ টাকা জমা দিয়ে তাদের অভিভাবকের সহায়তায় এই সঞ্চয়ী হিসাব খুলতে পারে, যাতে কোনো সার্ভিস চার্জ প্রযোজ্য হয় না এবং অনেক ক্ষেত্রে ফ্রি ডেবিট কার্ড ও অনলাইন ব্যাংকিং সুবিধাও পাওয়া যায়।
ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পূবালী ব্যাংক জোরারগঞ্জ উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার মুহাম্মাদ রেজাউল করিম। এই সময় আরও উপস্থিত ছিলেন ক্যাশ ইনচার্জ সোহেল আল হামিদ, রাজিব দে, ডেপুটি জুনিয়র অফিসার সাব্বির উল আলম, জাহাঙ্গীর আলম জুয়েল ও দিদাদুল আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক ও গীতা পাঠ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com