চট্টগ্রামের মীরসরাই উপজেলার মঘাদিয়ায় হাজী নুরুল আলম কোম্পানি ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া এন.সি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী নুরুল আলম কোম্পানি।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মঘাদিয়া ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি ইবতেদায়ি মাদ্রাসাসহ মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর হাতে উৎসাহমূলক শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জয়নাল আবেদিন, ফাউন্ডেশনের পরিচালক মোজাম্মেল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মনিরুল হাসান মুকুল, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার ওমর ফারুক, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি নাসির উদ্দিন, আবুতোরাব বাজার উন্নয়ন পরিচালনা কমিটির সদস্য সচিব ইমাম হোসেন এবং রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জয়নাল আবেদিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হওয়ার পাশাপাশি পড়ালেখার প্রতি আগ্রহ আরও বাড়বে। কেবল মেধা যাচাই নয়, বরং নতুন প্রজন্মকে সুশিক্ষার প্রতি উৎসাহিত করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি হাজী নুরুল আলম কোম্পানি ফাউন্ডেশনের এ শিক্ষাবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এলাকার শিক্ষার মানোন্নয়ন এবং আগামী প্রজন্মের মেধা বিকাশে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com