
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের মারাত্মক ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক চীনা প্রকৌশলীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দুপুরে কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হলে তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে আইসিইউ ও পরবর্তীতে ঢাকায় স্থানান্তর করা হয়।
নিহতদের মধ্যে চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩) ও শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং অপর শ্রমিক মনির হোসেন (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ১ অক্টোবর থেকে ২ অক্টোবরের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যান। বর্তমানে দগ্ধ অপর শ্রমিক জুয়েল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এদিকে গত শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় কারখানা কর্তৃপক্ষ ও নিহত শরিফুলের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার মামলা না করে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করলেও এবিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, পরিবার মামলা না করলেও পুলিশ নিজস্ব আইনগত দায়িত্ব অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com