চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে চোরাকারবারিসহ বিভিন্ন অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত এক যুবককে কারাদণ্ড দিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ২টার দিকে জোরারগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার উত্তরা বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালায়। এ সময় চোরাকারবারি মো. শরীফ হোসেন (৩১) ও মো. রাসেলকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ প্যাকেট ভারতীয় কাশ্মীরি মরিচ, ৩০ প্যাকেট ভারতীয় মেথি এবং চোরাই পণ্য বিক্রির নগদ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
অপরদিকে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোর্শেদ আলম জিশানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ১টায় করেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, জিশান করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় এসআই মো. আকরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে করেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ওমর ফারুক শাহিন (২৮), মেহেরাজ (১৮) ও মো. মেহেরাজকে (৪৮) গ্রেপ্তার করেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত কয়লা বাজার ও জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের সমন্বয়ে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত মো. মুক্তার হোসেন (২১) নামের এক যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com