
চট্টগ্রামের মিরসরাইয়ে অপরাধ ও মাদক দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ। থানা পুলিশের পৃথক ও ধারাবাহিক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাতজন মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জোরারগঞ্জ থানা পুলিশের পাঠানো একটি প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি নাছির উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে এসআই জিশান আহম্মেদ অভিযান চালিয়ে ২০২৪ সালের একটি মামলার তদন্তে প্রকাশিত আসামি আবু ছালেক রনি (২৪) ও মো. আলমগীরকে (৫০) গ্রেপ্তার করেন।
এ ছাড়াও পুলিশের বিভিন্ন টিমের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বাঁশখালী এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আবুল কাশেমকে এবং আজমপুর এলাকা থেকে একই পরোয়ানাভুক্ত আসামি মো. সহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অলিনগর এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সাহেদ হোসেনকে আটক করেন পুলিশের অন্য এক কর্মকর্তা।
মাদকবিরোধী অভিযانের অংশ হিসেবে গত বুধবার রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত বারইয়ারহাট বাজার ও জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের সমন্বয়ে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত ৭ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করে।
পরে অপরাধের মাত্রা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সবুজ আলী ও মো. মনিরুজ্জামানকে তিন দিন করে, এমরান হোসেনকে ছয় দিন, আশিক এলাহী অনিককে পাঁচ দিন এবং মো. ইকবাল, অনয় পাল ও সঞ্জয় দাসকে চার দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম জানান, গ্রেপ্তারকৃত ছয় আসামি এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত সাতজনসহ মোট ১৩ জনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com