‘মানবতার সেবায় তরুণ সমাজ, সুস্থ ও সুন্দর দেশ গড়ার প্রত্যয়’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মহালংকা উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ‘আদর্শ যুব ব্লাড ব্যাংক’ এবং ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর যৌথ উদ্যোগে এ ব্যতিক্রমি কর্মসূচি আয়োজিত হয়।
শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, ওজন পরিমাপ, জ্বর পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এর পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন পরিবেশ ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানে মহালংকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ তোফাজ্জল হোসেন আয়োজকদের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আদর্শ ছাত্র ও যুব সমাজের এমন জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ; তাদের কেবল ভালো ফল করলেই হবে না, একজন মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সেই সামাজিক শিক্ষা দেয়, যা কেবল বই পড়ে অর্জন করা সম্ভব নয়।”
সংগঠনের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আব্দুল হালিম।
পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী বলেন, “আমাদের লক্ষ্য কেবল একটি কর্মসূচি পালন করা নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা ছড়িয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি, একজন সচেতন তরুণই একটি পরিবার, সমাজ ও দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে।”
সভাপতি আব্দুল হালিম বলেন, “জরুরি মুহূর্তে সঠিক রক্তের গ্রুপের তথ্য রোগীর চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবন থেকেই যেন শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব বুঝতে পারে এবং সচেতন হয়, সেটাই আমাদের অন্যতম মূল উদ্দেশ্য।” পরিচ্ছন্নতা প্রসঙ্গে আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা একদিনের কর্মসূচি নয়, বরং এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত করা উচিত।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনাস, সহসভাপতি মো. তানভীর হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জাইফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মো. আসিফ এবং কার্যনির্বাহী সদস্য মো. রনি। এছাড়া সদস্য তাসফিয়া মির্জা, মিনহাজ উদ্দিন, তানভীর হোসেন, তাওসিক নাজিউর, ইসমাইল, নাহিদুল, আকিব ও শুভাকাঙ্ক্ষী শাকিলসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আদর্শ যুব ব্লাড ব্যাংক এবং আদর্শ ছাত্র ও যুব সমাজ আশাবাদ ব্যক্ত করে জানায়, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে তরুণ সমাজ এগিয়ে এলে একটি সুস্থ, সচেতন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com