
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভা এবং ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কামরান সরওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, শান্তির জনপদ মিরসরাইকে পরিকল্পিতভাবে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণের জানমালের নিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা মাঠে সজাগ রয়েছেন। কেউ কোনো ধরনের অগ্নিসন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর হাতে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈনউদ্দিন লিটন, সদস্যসচিব জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, সাবেক সদস্যসচিব নিজাম উদ্দিন কমিশনার, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্যসচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুজ্জামান সানি এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রতিবাদ সমাবেশ শেষে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ফটক থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বারইয়ারহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও দক্ষিণ প্রান্ত প্রদক্ষিণ করে বাজারের মধ্যবর্তী এলাকায় অবস্থিত কাশবন হোটেলের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com