
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম পর্বে তিনি সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী রহমতগঞ্জের জে এম সেন হল দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ‘রেইনবো নেশন’ বা অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা দেবেন। সফরের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সূত্রে জানা গেছে, বিশেষ সামরিক বিমানে চট্টগ্রাম পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে তিনি প্রায় ৪০ মিনিট অবস্থান করবেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় দুঃস্থ ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও শারদীয় উপহারসামগ্রী বিতরণের কথা রয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নগরের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এক যৌথ সাংগঠনিক সভায় অংশ নেবেন। সভায় চট্টগ্রাম অঞ্চলের দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, তৃণমূল পুনর্গঠনসহ সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ। ইতোপূর্বে গত ৯ আগস্ট একই স্থানে অনুরূপ এক সভা অনুষ্ঠিত হলেও এবার তুলনামূলক নিয়ন্ত্রিত ও সংক্ষিপ্ত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চট্টগ্রাম নগরজুড়ে এবং বিশেষ করে জে এম সেন হল ও র্যাডিসন ব্লু এলাকায় নিচ্ছদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পর্যালোচনায় সোমবার (১৯ অক্টোবর) বিকেলে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এক জরুরি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী উপস্থিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, ভিআইপি মুভমেন্ট ও ধর্মীয় উৎসবে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য পুলিশের বিভিন্ন উইং ও গোয়েন্দা সংস্থার মধ্যে শতভাগ সমন্বয় বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর সফল করতে স্থানীয় সরকার প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং মেট্রোপলিটন পূজা উদ্যাপন পরিষদের সাথে সমন্বয় করে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর চট্টগ্রামসহ পুরো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক নতুন বার্তা বহন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com