চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগতির লরির ধাক্কায় নুরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক মুদি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নুরুল হুদা মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ইদুলপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়ক সংলগ্ন এলাকা অতিক্রম করছিলেন নুরুল হুদা। এ সময় চট্টগ্রামগামী একটি অজ্ঞাতপরিচয় দ্রুতগতির লরি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হয়ে মহাসড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. নুরুল মোস্তফা জানান, তারা দুই ভাই একসঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ছোট ভাই নুরুল হুদা কিছুটা আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে অনেক সময় পার হয়ে গেলেও তিনি বাড়ি না পৌঁছানোয় মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক দুর্ঘটনার খবর দেখে হাসপাতালে খোঁজ নিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া লরিটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com