
বিদ্যুৎ বিল পরিশোধের তথ্য দেখা, বকেয়া যাচাই, মিটারের ত্রুটি জানানো, অভিযোগ দাখিল, বিদ্যুৎ বন্ধের সময়সূচি জানা কিংবা ইউটিলিটি সার্টিফিকেট সংগ্রহ—এসব সেবার জন্য এখন আর বারবার বিদ্যুৎ অফিসে ছুটতে হবে না। স্মার্টফোনে একটি অ্যাপ অথবা ওয়েব পোর্টালে ঢুকেই প্রয়োজনীয় এসব তথ্য ও সেবা পাবেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের গ্রাহকেরা।
গ্রাহকসেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ, বাড়বকুণ্ডের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজুল আলম। তাঁর ব্যক্তিগত গবেষণা ও কারিগরি উদ্যোগে চালু হয়েছে ‘বিদ্যুৎ সেবা’ ওয়েব পোর্টাল, বিনামূল্যের অ্যান্ড্রয়েড অ্যাপ এবং বাংলা ও ইংরেজি ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘BPDB AI’ সহায়তা। এর ফলে প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের গ্রাহকই ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে পারবেন।
নতুন ডিজিটাল ব্যবস্থায় বিদ্যুৎ কখন বন্ধ থাকবে, কখন আবার সরবরাহ চালু হবে, কোন ফিডারে রক্ষণাবেক্ষণ বা ত্রুটিজনিত কাজ চলছে কিংবা কোথায় কী অবস্থা—এসব তথ্যও সহজেই জানা যাবে। ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ ও BPDB AI একই সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকায় অফিসের নোটিশ, বিদ্যুৎ বন্ধের ঘোষণা কিংবা অভিযোগের সর্বশেষ অগ্রগতি সব মাধ্যমেই হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের ওয়েব পোর্টাল (barabkunda.bpdbonline.com)-এ ঢুকে গ্রাহকেরা অনলাইনে অভিযোগ করতে, অভিযোগের অগ্রগতি দেখতে, অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে এবং ইউটিলিটি সার্টিফিকেট নিতে পারবেন। প্রিপেইড মিটার নম্বর দিলে গ্রাহকের নাম ও এলাকার তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে এবং মিটারের ডিসপ্লে ও পুরো মিটারের দুটি ছবি যুক্ত করে অভিযোগ পাঠানো যাবে। অভিযোগ জমা দেওয়ার পর একটি ট্র্যাকিং নম্বর ও চার সংখ্যার পিন পাওয়া যাবে; পিন ও মোবাইল নম্বর দিয়ে অফিসের সঙ্গে সরাসরি লিখিত কথোপকথন এবং প্রয়োজন হলে ছবি পাঠিয়ে সমস্যার বিস্তারিত জানানো সম্ভব হবে।
পাসপোর্ট, ভিসা বা ব্যাংকিং কাজে বিদ্যুৎ সংযোগের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় ইউটিলিটি সার্টিফিকেটও এখন অনলাইনে আবেদন করে সংগ্রহ করা যাবে। বকেয়া না থাকলে সার্টিফিকেট তাৎক্ষণিকভাবে ইস্যু হবে এবং এর মেয়াদ থাকবে তিন মাস। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় পাওয়া এই সার্টিফিকেটের সত্যতা QR কোড স্ক্যান করে অথবা ওয়েবসাইটের নির্ধারিত যাচাই পেজে সার্টিফিকেট নম্বর ও যাচাইকরণ কোড দিয়ে যাচাই করা যাবে। এ ছাড়া গ্রাহক নম্বর দিয়ে বিল ও পরিশোধের তথ্য দেখা, হালনাগাদ ট্যারিফ বা মূল্যহার, নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা, অফিসের নোটিশ, জরুরি যোগাযোগ নম্বর, নতুন সংযোগের আবেদনপত্র, নেট মিটারিং নির্দেশিকা এবং গ্রাহকসেবা অঙ্গীকারনামাও ডাউনলোড করা যাবে।
এই ব্যবস্থা শুধু গ্রাহকদের সময় ও ভোগান্তিই কমাবে না, বিদ্যুৎ অফিসের দৈনন্দিন কাজেও গতি আনবে। একটি প্রশাসনিক প্যানেলের মাধ্যমে কর্মকর্তারা এক জায়গা থেকেই অভিযোগের তালিকা দেখতে, বাছাই করতে এবং সমাধানের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। গ্রাহকদের পাঠানো মিটারের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যাচাইয়ের পাশাপাশি এলাকা ও ট্রান্সফরমারের অবস্থান ধরে সমস্যার প্রকৃত স্থান চিহ্নিত করা সহজ হবে। পাশাপাশি গত ৭, ৩০ ও ৯০ দিনের ভিত্তিতে গ্রাহকদের প্রশ্নের ধরন ও জবাবের কার্যকারিতা বিশ্লেষণ করে AI ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার সুযোগ রাখা হয়েছে।
ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের নিরাপত্তায় কড়াকড়ি রাখা হয়েছে। প্রথমবার লগইনের সময় অন্তত আট অক্ষরের এবং একটি সংখ্যাযুক্ত নতুন পাসওয়ার্ড নির্ধারণ করতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য বিদ্যমান রেকর্ডের সঙ্গে যাচাই করা হবে। মিটার অ্যাকাউন্ট চালুর সময় গ্যালারির পুরোনো ছবির বদলে সরাসরি ক্যামেরায় তোলা ছবি নেওয়া হবে, যাতে অ্যাপের মাধ্যমে বারকোড ও মিটার নম্বর মিলিয়ে দেখা যায় এবং ছবি তোলার সময়ের অবস্থানসংক্রান্ত তথ্যও সংরক্ষিত থাকে। বিউবোর নিজস্ব সার্ভারভিত্তিক এই ব্যবস্থায় তথ্যের গোপনীয়তা, নির্ভুলতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাধারণ তথ্য ও সেবার জন্য গ্রাহকদের বারবার ফোন করা বা অফিসে আসার চাপ কমলে কর্মকর্তা-কর্মচারীরা জরুরি অভিযোগ ও জটিল সমস্যার সমাধানে বেশি সময় দিতে পারবেন বলে মনে করছেন প্রকৌশলী রিয়াজুল আলম। গ্রাহকদের মতামত ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ভবিষ্যতে এ সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
সেবা ও যোগাযোগের ঠিকানা:
ওয়েব পোর্টাল: barabkunda.bpdbonline.com
অ্যান্ড্রয়েড অ্যাপ: barabkunda.bpdbonline.com/app
BPDB AI: ওয়েব পোর্টালের যেকোনো পাতা অথবা অ্যাপের ‘BPDB AI’ অপশন
সার্টিফিকেট যাচাই: barabkunda.bpdbonline.com/verify
গ্রাহকসেবা হটলাইন: ০১৮২৫২৬৯৪৭৭
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com