
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র বাঁশবাড়ীয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফুটপাত আবারও অবৈধ দখলদারদের কবলে পড়েছে। মহাসড়কের পাশের হাঁটার পথ দখল করে চাকার দোকান, বাঁশের আড়ত এবং ভ্রাম্যমাণ বিভিন্ন পসরা বসানোর কারণে ফুটপাত পুরোপুরি সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের স্বাভাবিক চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বাঁশবাড়ীয়া বাজারের গুরুত্বপূর্ণ অংশগুলোর ফুটপাত জুড়ে স্তূপ করে রাখা হয়েছে পুরোনো টায়ার, বাঁশ ও বিভিন্ন নির্মাণসামগ্রী। হাঁটার কোনো জায়গা অবশিষ্ট না থাকায় বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, বাঁশবাড়ীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং আশপাশের প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মূল লেন দিয়ে চলাচল করছেন। দ্রুতগতির দূরপাল্লার যানবাহনের পাশ ঘেঁষে এভাবে হেঁটে চলার কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, এর আগেও প্রশাসন ও বাজার কমিটির পক্ষ থেকে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল। কিন্তু নিয়মিত তদারকি ও নজরদারির অভাবে কিছুদিন যেতে না যেতেই অসাধু ব্যবসায়ীরা পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন। বিশেষ করে সকাল ও দুপুরে স্কুল-মাদ্রাসা শুরু ও ছুটির সময় বাজার এলাকায় তীব্র যানজটের পাশাপাশি পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং কোমলমতি শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে অবিলম্বে বাঁশবাড়ীয়া বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ এবং বাঁশবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির জরুরি হস্তক্ষেপ ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com