
বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক এবং ষাটের দশকের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ. গত বছর অর্থাৎ ২০২৫ সালের এই দিনে (১১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন. তাঁর প্রয়াণবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
পেশাগত ও কর্মজীবনে অত্যন্ত সফল এই গুণী ব্যক্তিত্ব চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন. ছাত্রজীবনে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও সরকারি কমার্স কলেজের মেধাবী ছাত্র শায়েস্তা খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন. ষাটের দশকে আইয়ুব খানের সামরিক স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে তিনি চট্টগ্রামের অগ্রগামী ছাত্রনেতাদের একজন হিসেবে ঐতিহাসিক গণঅভ্যুত্থানসহ তৎকালীন রাজনৈতিক ও গণতান্ত্রিক সংগ্রামে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
খেলাধুলার প্রতি তাঁর অনুরাগ ছিল আজীবন। ১৯৬১-৬২ শিক্ষাবর্ষে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক এবং পরবর্তীতে ১৯৬৩-৬৪ সালে একই কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন. দীর্ঘ সময় ধরে ক্রীড়াঙ্গনকে ভালোবেসে তিনি ১৯৬৮ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত কুমিল্লা শিক্ষা বোর্ড কেন্দ্রীয় ক্রীড়া সাংঠনিক কমিটির সদস্য এবং ১৯৯০ সাল থেকে আমৃত্যু চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন।
একজন সফল শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠকের পাশাপাশি তিনি ছিলেন প্রথিতযশা কলাম লেখক. কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বি.কম (অনার্স ও পাস কোর্স) এবং এম.কম শিক্ষার্থীদের জন্য তিনি রচনা করেন বহুল পঠিত গ্রন্থ ‘বাণিজ্যিক ও শিল্প আইন’. এছাড়া ২০১৭ সালে প্রকাশিত হয় তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণামূলক গ্রন্থ ‘পঞ্চাশের দশকের চট্টগ্রাম এবং আমার ছেলেবেলা’, যা তৎকালীন সময়ের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের এক অনন্য দলিল।
প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামীকাল বুধবার সংস্থার কার্যালয়ে বাদ আসর পবিত্র কোরআন খতম ও সন্ধ্যায় এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে. মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবার ও সংস্থার পক্ষ থেকে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে ।
খালেদ/পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com