
চট্টগ্রামের সীতাকুণ্ডে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পরিবারকে সহায়তার বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। রাব্বির পরিবারের থাকার সুবিধার্থে সরকারি খাস জমিতে একটি নতুন গৃহনির্মাণ এবং তাঁর বাবার জীবিকার সংস্থানের জন্য একটি মুদি দোকান তৈরি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে রাব্বির আগামী দিনের উচ্চশিক্ষার সমস্ত দায়িত্ব ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাব্বিকে এনে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এ সময় অদম্য এই শিক্ষার্থীর হাতে প্রীতি উপহার হিসেবে ফুল, সম্মাননা স্মারক এবং নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
সংবর্ধনা প্রদানকালে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, শারীরিক নানা সীমাবদ্ধতা কাটিয়ে রাব্বি যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাঁর পরিবারের বর্তমান নানা অর্থনৈতিক সংকটের কথা চিন্তা করেই প্রশাসন এই সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। রাব্বির পরিবারের স্থায়ী বসবাসের জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণ ও তাঁর বাবাকে একটি স্থায়ী মুদি দোকান করে দেওয়ার পাশাপাশি তাঁর উচ্চশিক্ষার পথ সুগম করতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন সর্বাত্মক পাশে থাকবে।
সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেসা বেগম এবং সীতাকুণ্ডের স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com