
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে আন্তরিক হতে হবে। বিএনপি সব ধর্মের মানুষের সমমর্যাদায় বিশ্বাসী। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে শৃঙ্খলা কমিটি গঠন করে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দলীয় মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা যাচাই ও মূল্যায়নের লক্ষ্যে বিশেষ টিমের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে সঠিক তথ্য উপস্থাপন জরুরি। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভিন্ন কোনো অবস্থান নিলে প্রতিপক্ষ রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার সুযোগ পাবে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোরছালিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত আলী ও ফজলুল করিম চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, আকবরশাহ থানা বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার সেলিম, সদস্য সচিব মইনুদ্দিন চৌধুরী মাঈনুসহ চট্টগ্রাম মহানগর ও সীতাকুণ্ডের বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় উপস্থিত নেতারা দুর্গাপূজার নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করেন।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com