দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি এবং এডিস মশার বিস্তার তৈরি করেছে চরম স্বাস্থ্যঝুঁকি। প্লাটিলেট নেমে যাওয়া, ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং সঠিক সময়ে রক্তের গ্রুপ না জানার কারণে প্রতিদিন বাড়ছে রোগীদের ভোগান্তি। ঠিক এমন এক সময়ে ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় মাঠ পর্যায়ে কার্যকর ও সামাজিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সীতাকুণ্ডের তরুণ সমাজ।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাটের ধর্মপুর এলাকায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’ এই মানবিক কর্মসূচির আয়োজন করে।
ডেঙ্গুর মূল কারণ জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা সৃষ্টি হওয়া। বিষয়টি মাথায় রেখে কর্মসূচির শুরুতেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা এলাকার বাসাবাড়ির আঙিনা, পরিত্যক্ত পাত্র, ছাদ এবং বিভিন্ন ড্রেন ও নিচু জায়গা থেকে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ করেন। একই সঙ্গে স্থানীয়দের সতর্ক করা হয় যেন কোনোভাবেই বাসাবাড়িতে ৩ দিনের বেশি পানি জমে না থাকে।
ডেঙ্গু আক্রান্ত গুরুতর রোগীদের অনেক সময় দ্রুত রক্ত বা প্লাটিলেট সঞ্চালনের প্রয়োজন হয়। কিন্তু রক্তের গ্রুপ জানা না থাকলে সঠিক সময়ে জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এ বিষয়টি বিবেচনা করে আয়োজিত ব্লাড ক্যাম্পে দুই শতাধিক স্থানীয় বাসিন্দা বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে উপস্থিত সবাইকে জরুরি মুহূর্তে রক্তদানের সামাজিক গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মোক্তার হোসাইন সাইমন এবং বর্তমান আহ্বায়ক আব্দুল হালিম। উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য মোঃ রনি, জাইফুল ইসলাম, রায়হান, আশরাফ ও শাহেলসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা জানান, ডেঙ্গু হলে হাসপাতালে দৌড়াদৌড়ি করার চেয়ে আক্রান্ত হওয়া প্রতিরোধ করাই সবচেয়ে বড় সমাধান। শুধু সরকারি বা প্রশাসনিক উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং তরুণদের এমন স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসাই পারে সমাজকে ডেঙ্গুমুক্ত রাখতে। সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনে তাঁদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com