
চট্টগ্রামের হালিশহরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি বর্ণাঢ্য র্যালি করেছে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির দেড় হাজারের বেশি শিক্ষার্থী ছাড়াও এতে শিক্ষক, অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সম্প্রতি মঙ্গলবার সকাল ১০টার দিকে হালিশহরের আই ব্লকের স্কুল ক্যাম্পাস থেকে র্যালিটি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে। র্যালিটি হালিশহরের ‘হল সেভেন’ মোড়, বিডিআর মাঠ, কেন্দ্রীয় মসজিদ গেট, সেনানিবাসের সম্মুখভাগ এবং রাবেয়া বসরী স্কুলের রাস্তা প্রদক্ষিণ করে জি-ব্লক হয়ে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পথিমধ্যে এলাকাবাসী ও পথচারীরা হাততালি দিয়ে শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
র্যালির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নাজিম উদ্দীন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ পাওয়ার যন্ত্র বানানোর উদ্দেশ্যে তারা কাজ করছেন না, বরং তাদের প্রকৃত মানবিক ও সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান। হালিশহরের মাটিতে কোনো মাদক ব্যবসায়ী বা ইভটিজারকে ছাড় দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরাও অপরাধের বিরুদ্ধে এই লড়াইয়ে শিক্ষার্থীদের পাশে থাকার জোরালো অঙ্গীকার করেন।
সুশৃঙ্খলভাবে র্যালিটি সম্পন্ন করতে প্রতি ৩০ ফুট পরপর লাইনের মাঝে শিক্ষক, স্কুল স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো আয়োজনে কোনো ধরনের ট্রাফিক জ্যাম বা বিশৃঙ্খলা তৈরি হয়নি। র্যালি চলাকালে মাইকে মাদক ও কিশোর অপরাধের কুফল তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়, যা পুরো এলাকায় ইতিবাচক প্রভাব ফেলে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com