চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্কুলে যাওয়ার পথে চকলেট ও চিপসের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মাহাবুব আলম (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং তার মা এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্ত মাহাবুব আলমকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, তাঁর মেয়ের ভাষ্য অনুযায়ী বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে মাহাবুব আলম চকলেট ও চিপসের লোভ দেখিয়ে তাকে চৌধুরীপাড়া এলাকার রাস্তার পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি ভয়ে কাউকে কিছু না বললেও রাতে ঘুমাতে গিয়ে তীব্র পেটব্যথায় কাতরাতে থাকে। এ সময় ব্যথার কারণ জানতে চাইলে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনার বিবরণ দেয়।
শিশুটির মা আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত মাহাবুব আলম তাঁকে ও তাঁর মেয়েকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে তিনি বিষয়টি তাঁর ভাই ও প্রতিবেশীদের জানালে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশে দেন। এর আগেও অভিযুক্ত যুবক বেশ কয়েকবার তাঁর মেয়ের সঙ্গে এমন অপকর্মের চেষ্টা করেছিল বলে দাবি করে অবুঝ শিশুর ওপর চালানো এই পাশবিক নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাহাবুব আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com