
চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থিত লতিফপুর স্কুল রোডের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও কোমলমতি শিক্ষার্থীরা। বাইরে থেকে দেখে রাস্তায় জমে থাকা এই পানিকে বৃষ্টির পানি বলে মনে হলেও, বাস্তবে এটি চট্টগ্রাম ওয়াসার পানির পাইপলাইনের লিকেজ থেকে নির্গত পানি। লতিফপুর পাকা রাস্তার মাথার পশ্চিমে অবস্থিত ব্যস্ততম এই সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পাইপ ছিদ্র হয়ে পানি বের হওয়ায় সড়কের পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শুষ্ক মৌসুমেও সড়কটির উল্লেখযোগ্য অংশ কাদাপানিতে একাকার হয়ে আছে। সড়কের মাঝখানে সৃষ্টি হওয়া অসংখ্য খানাখন্দে ওয়াসার লিকেজ হওয়া পানি জমে থাকায় তা এখন রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে লতিফপুর আলহাজ্ব আবদুল জলিল উচ্চবিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চলাচল করেন। কাদাপানি মাড়িয়ে স্কুলে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা, নষ্ট হচ্ছে তাদের স্কুলের পোশাক।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, ওয়াসার পাইপলাইনের এই লিকেজ দীর্ঘদিন ধরে মেরামত না করায় একদিকে যেমন বিপুল পরিমাণ সুপেয় পানির অপচয় হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ এই সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সড়কটির পাশে থাকা ফার্মেসি ও স্থানীয় দোকানপাটে আসা রোগী ও ক্রেতাদেরও এই কর্দমাক্ত ও ভাঙাচোরা পথ পাড়ি দিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটির দুরবস্থা নিরসনে দলমত নির্বিশেষে এলাকার সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। একইসাথে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ওয়াসার লিকেজ হওয়া পাইপলাইন সংস্কার এবং ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের জন্য চট্টগ্রাম ওয়াসা ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com