
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী সাগরপাড় এলাকার ঐতিহ্যবাহী সনৎ দত্ত মহাশ্মশানের সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং বিদ্যুতায়নসহ সার্বিক উন্নয়নে প্রথম ধাপে ২ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি সাহেদ আকবর ও মহাশ্মশান পরিচালনা কমিটির নেতৃবৃন্দের ধারাবাহিক প্রচেষ্টা এবং আবেদনের পরিপ্রেক্ষিতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তর কাট্টলীতে প্রায় ১৩ হাজার সনাতনী ভোটারসহ প্রায় ৫০ হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষের বসবাস রয়েছে। পাশাপাশি পাহাড়তলী ও আকবর শাহ থানার সনাতনী সম্প্রদায়ের মানুষের শেষকৃত্য সম্পন্ন করার একমাত্র ও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই মহাশ্মশানটি। দীর্ঘদিনের অবহেলায় থাকা এই মহাশ্মশানের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য যুবদল নেতা সাহেদ আকবর এবং মহাশ্মশান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের কাছে আবেদন জানান। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে প্রশাসক সরেজমিনে মহাশ্মশানটি পরিদর্শন করেন এবং উন্নয়নের আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় চসিকের সিনিয়র প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মহাশ্মশান এলাকা পুনরায় পরিদর্শন করেন সাহেদ আকবর, যাতে দ্রুত সময়ের মধ্যে উন্নয়নকাজ বাস্তবায়ন করা যায়। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসকের আন্তরিক উদ্যোগে এই মহাশ্মশানটি নগরীর অভয় মিত্র মহাশ্মশানের আদলে একটি আধুনিক ও পরিকল্পিত মহাশ্মশান হিসেবে গড়ে উঠবে। প্রথম ধাপে ২ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়ায় উত্তর কাট্টলীর সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
উন্নয়ন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার তরুণ, তপন দত্ত, বীরেন্দ্র লাল দে, কঙ্কন দাস শর্মা, ডা. মুকেশ দত্ত, উজ্জ্বল দে, যামিনী দে, সুভাষ দে মেম্বার, সুভাষ দাস, লিটন কর, লিটন দাস ও বিভাস দত্ত মিঠুসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাহেদ আকবর। এ সময় তিনি জানান, উত্তর কাট্টলী বিএনপি সবসময় কথায় নয় বরং কাজে বিশ্বাসী; ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার, সম্মান, সামাজিক নিরাপত্তা এবং এলাকার সার্বিক উন্নয়নই তাঁদের মূল অঙ্গীকার।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com