
সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ও সময়মতো নাগরিকে সেবা নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের দাপ্তরিক কাজ সেদিনই শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেন, "আপনার যে কাজ, সেই কাজটা আজকেই শেষ করা আপনার পবিত্র দায়িত্ব। কারণ, ওই চেয়ারে আপনি বসেছেন মানুষের কাজ করার জন্য। আজকের কাজ শেষ না করলে আজকের মানুষের চাহিদা পূরণ হবে না।"
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় মানুষের সময়ের মূল্য এবং পরিবর্তনের বাস্তবতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, মানুষের প্রত্যাশা ও সময়ের মূল্য দুই-ই আগের চেয়ে অনেক বেড়েছে। সাধারণ মানুষের পক্ষে এখন একই কাজের জন্য বারবার সরকারি দপ্তরে ঘুরে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। সময়মতো সেবা না পেলে মানুষ এখন দ্রুত প্রতিক্রিয়া জানায়। সরকারি কর্মকর্তাদের এই বাস্তবমুখী পরিবর্তন বুঝতে হবে এবং সেবার মনস্তত্ব বদলাতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিকাশের কথা উল্লেখ করে ডিসি জাহিদুল ইসলাম বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজেকে ‘অপরিহার্য’ ভাবার সুযোগ নেই। তিনি চীনে সফরের সময় হোটেলে রোবটের সেবা পাওয়ার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজের দক্ষতা ও চিন্তাভাবনা না বদলালে আগামী দিনে প্রশাসনিক আধুনিকায়ন থমকে যাবে।
দীর্ঘ চাকরিজীবন শেষে নেতিবাচক ভাবমূর্তি নিয়ে বিদায় না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি কর্মকর্তাদের প্রতিদিন নিজের কাজের হিসাব করার ও আত্মমূল্যায়ন করার পরামর্শ দেন। সেই সঙ্গে সরকারি কাজের পাশাপাশি খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধের মতো মানবিক ও পরিবেশগত কর্মকাণ্ডে সততা ও স্বচ্ছতার সঙ্গে অংশ নিতে তাগিদ দেন। সরকারি অর্থ অপচয় রোধ করার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থেকে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসন এখনো সাধারণ জনগণের বড় আস্থার জায়গা উল্লেখ করে সেই গৌরব ধরে রাখতে সবাইকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয় সভায়।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com