
বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটি তৈরির ইঙ্গিত দিলেন অভিনেতা আমির খান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (SGIFF) সম্মানিত করা হয় বলিউডের এই জনপ্রিয় তারকাকে। সেখানে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে তিনি অর্জন করেন সম্মানজনক ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’। এই উৎসবের বিশেষ মঞ্চে উপস্থিত দর্শকদের মুখোমুখি হয়েই ‘থ্রি ইডিয়টস ২’ সংক্রান্ত প্রশ্নের উত্তরে ছবির বর্তমান অগ্রগতির তথ্য জানান আমির।
মঞ্চে কথোপকথনের একপর্যায়ে আমির খান নিশ্চিত করেন, পরিচালক রাজকুমার হিরানি সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। অভিনেতা জানান, বিষয়টি নিয়ে এই মুহূর্তে বেশি কিছু খোলসা করার অনুমতি তার নেই। তবে মুম্বইয়ে ফেরার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শুনবেন এবং গল্পটি বেশ দারুণ হয়েছে বলেই আশা প্রকাশ করেন।
সিনেমাটির গল্প নিয়ে পূর্বে জানা গিয়েছিল, এবারের সিক্যুয়েলটি কলেজ জীবনের পর মূল চরিত্রদের জীবনের ১৫ থেকে ২০ বছর পরের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হতে পারে। এবার আর কোনো ক্যাম্পাস ড্রামা নয়; বরং চরিত্রগুলোর বিয়ে, সন্তান এবং মিড-লাইফ ক্রাইসিস বা মাঝবয়সের নানা চ্যালেঞ্জ ও বাস্তবতাই হাস্যরসের ছলে রাজকুমার হিরানির নিজস্ব ঢঙে উঠে আসবে।
২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত প্রথম ‘থ্রি ইডিয়টস’ বিশ্বজুড়ে বিশাল জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল। আমির খান, আর মাধবন, শর্মন জোশী, কারিনা কাপুর খান ও বোমান ইরানি অভিনীত ছবিটি শিক্ষা ব্যবস্থার অন্ধকার দিক, পারিবারিক চাপ ও বন্ধুত্বের গভীর বার্তা দিয়ে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়।
তবে সিক্যুয়েল নিয়ে আলোচনার ঝড় উঠলেও 'থ্রি ইডিয়টস ২'-এর আনুষ্ঠানিক শুটিং শুরু, কলাকুশলীদের চূড়ান্ত তালিকা কিংবা সিনেমাটির মুক্তির কোনো সুনির্দিষ্ট সময়সূচি এখনো নিশ্চিত করা হয়নি।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com